জার্মানির হামবুর্গ বিমানবন্দরে চার বছর বয়সী মেয়েকে জিম্মি করা সেই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাধ্যমে প্রায় ১৮ ঘণ্টা পর বিমানবন্দরে জিম্মি ঘটনার অবসান হলো। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি সুস্থ আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
এর আগে শনিবার রাতে নিজের মেয়েকে নিয়ে হামবুর্গ বিমানবন্দরে ঢোকেন ওই ব্যক্তি। এরপর নিজের মেয়েকে জিম্মি করেন তিনি। এ ঘটনার পর অভিযুক্তের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় প্রায় ১৮ ঘণ্টা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার প্লেন চলাচল বন্ধ থাকায় প্রায় সাড়ে ৩৪ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। এদিন ২৮৬টি ফ্লাইট নির্ধারিত ছিল।
কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে— এ নিয়ে বিবাদে লিপ্ত ছিলেন অভিযুক্ত। তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য শিশু অপহরণের বিষয়ে অবহিত করেছেন এবং এর কিছুক্ষণ পরই অভিযুক্ত বিমানবন্দরে প্রবেশ করেন।
পুলিশ জানায়, বিমানবন্দরে প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানের পাশে গিয়ে অবস্থান নেন। ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
