লেবার পার্টির নিবন্ধন প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:০৩ এএম

বাংলাদেশ লেবার পার্টির নিবন্ধন প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। লেবার পার্টিকে নিবন্ধন দিতে করা আবেদন খারিজ করে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসির সচিব ও উপসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনে বিএনপির শরিক দল লেবার পার্টির চেয়ারম্যান হলেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। দল হিসেবে নিবন্ধন পেতে তিনি এ রিট আবেদনটি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরা খাতুন জুঁই। অ্যাডভোকেট জহুরা খাতুন দেশ রূপান্তরকে বলেন, লেবার পার্টির নিবন্ধন চেয়ে আবেদন করা হলে গত ২৪ জুলাই আবেদন খারিজ করে চিঠি দেয় ইসি। পরে এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন মোস্তাফিজুর রহমান ইরান। এতে ইসির ওই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধন পেতে নির্দেশনা চাওয়া হয়। এর ধারাবাহিকতায় হাইকোর্ট এ রুল দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত