ফরিদপুরের বোয়ালমারীতে রুমান শেখ (০৭) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সে উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের রুবেল শেখের ছেলে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের ইজিবাইক চালক রুবেল শেখ সোমবার (০৬ নভেম্বর) সকালে বাড়িতে তার ইজিবাইক চার্জ দিচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে রুমান শেখ (০৭) ইজিবাইকে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকেরা ইজিবাইকটি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘরের মেইন সুইচ বন্ধ করে দিলে রুমান মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর শিকদার জানান, ইজিবাইকে চার্জ দেওয়া অবস্থায় রুমান ইজিবাইকের হাতল ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রুমানকে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
