শরীয়তপুরের ভেদরগঞ্জে ঘুষের টাকা ফেরত চাওয়ায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও ইউনিয়ন সমাজকর্মী সামছুল আলমের হাতে দুই নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী ও তাদের স্বজনরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
ভুক্তভোগীরা জানান, গত জানুয়ারি মাসে উপজেলার মির্জাপুরের দুই গৃহবধূ নাজমা ও জান্নাত ঋণের জন্য ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেন। এ সময় ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেন সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। আবেদনের পাঁচ মাসেও ঋণ না পাওয়ায় গত ২২ মে ঘুষের টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা প্রথমে নাজমাকে থাপ্পড় মারেন। পরে জান্নাতকে ধাক্কা মারতে মারতে অফিসের বাইরে নিচে ফেলে দেন। জেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য নাদিম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর পরও কেন বদলি করা হচ্ছে না বলতে পারব না। প্রয়োজনে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
