গত ৭ অক্টোবর ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ও অভিযানে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯-১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে অধিকৃত পশ্চিম তীরে। খবর আল জাজিরা।
আল জাজিরা বলছে, অধিকৃত পশ্চিম তীরে নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিনি পশ্চিম তীরের ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আটক ছিলেন। বন্দী অবস্থায় মৃত্যু হয়েছে তাদের।
প্রতিবেদনে বলা হয়, বন্দী দুইজনকেই যুদ্ধ শুরুর দিন গত ৭ অক্টোবর আটক করা হয়। তাদের মধ্যে একজন গাজার বাসিন্দা মজিদ আহমেদ। ইসরায়েলে কাজ করার লাইসেন্স ছিল তার। ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি অভিযানে তাকে আটক করা হয়।
তাকে যখন আটক করা হয় তখন তার পরিবার গাজায় অবস্থান করছিল। তাই তার পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে কিছুই জানত না তার পরিবার।
মৃত দুই বন্দীকে ইসরায়েলে কোন অবস্থায় রাখা হয়েছিল এবং কিভাবে তাদের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।
ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন আরও তথ্য জানতে চাইলেও সহজে কোন তথ্য দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। যার কারণে ইসরায়েলের নিন্দা জানিয়েছে সংস্থাটি।
হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে কর্মরত ছিল অনেক শ্রমিক। যুদ্ধের পর বেশীরভাগ শ্রমিককে ফেরত পাঠিয়েছে দেশটি। আবার অনেককে আটক করেছে রেখেছে।
তবে আটককৃতদের সম্পর্কে তথ্য দেয়া বা তাদের পরিবারের সাথে সহজে যোগাযোগ করতে দিতে চায় না দেশটির সামরিক বাহিনী। যার কারণে ইসরায়েলি সেনাবাহিনীর সমালোচনা করে থাকে মানুষরা।
