‘টাইমড আউট’ বিতর্কে সাকিবের পাশে মঈন, আকরাম-মিসবাহ বললেন ‘চেতনা বিরোধী’

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। আবেদন করায় সাকিব আল হাসানকে নিয়েও কম হচ্ছে না বিতর্ক। এই সময়ে বাংলাদেশ অধিনায়কের সমর্থন করছেন পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান মঈন খান। তবে দেশটির সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক এই আউটকে বলছেন ক্রিকেটীয় চেতনার পরিপন্থী।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে গতকাল দিল্লিতে ঘটে এই কাণ্ড। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটসম্যান আউট বা অবসর নিলে ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যান প্রথম বল মোকাবেল করতে হবে। তা না হলে তাকে ‘টাইমড আউট’ ঘোষণা করা হবে। সেই আউটেরই শিকার হয়ে কোনো বল না খেলতেই সাজঘরে ফেরেন ম্যাথুস। ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন অদ্ভুত আউট দেখল বিশ্ব।

ম্যাথুসের দেরি দেখে আম্পায়ারকে টাইমড আউটের আবেদন করেন সাকিব। এতে আউট দিতে বাধ্য হন আম্পায়াররাও। যা নিয়ে চলছে বিতর্ক। পাকিস্তানের আকরাম, মিসবাহ, শোয়েব মালিক, আজহার আলী এটাকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী মনে করছেন। তবে সাকিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন মঈন।

মঈনের মতে, ‘এ ধরনের সিদ্ধান্ত আসলে মাঠেই (তাৎক্ষণিকভাবে) নিতে হয়। আইন অনুযায়ী ওর (সাকিবের) সিদ্ধান্ত সঠিক। সেখানে যদি জয়-পরাজয়ের ব্যাপার থাকে, তাহলে এটা ভালো সিদ্ধান্ত। যেটা সে নিজেও বলেছে। ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও টাইমড আউটের আবেদন করতাম।’

আকরাম অবশ্য সেভাবে সাকিবের সিদ্ধান্তের বিরোধিতা না করলেও প্রশ্ন তোলেন আম্পায়ারদের যাচাই নিয়ে, ‘এ নিয়ে হয়তো আমাদের বিতর্ক চলতেই থাকবে। (টাইমড আউটের) সময় পার হয়ে গেছে কি যায়নি, এর সঠিক উত্তরও হয়তো পাওয়া যাবে না। কিন্তু আসল প্রশ্ন হলো সাকিবের এই আবেদন কি তুলে নেওয়া উচিত ছিল নাকি সাকিবের আবেদন করাই ঠিক হয়নি?’

পরে মিসবাহ বলেন, ‘আমিও তাই মনে করি। যদি এমন হতো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে দেরি করছে, যেটার কারণে প্রতিপক্ষ দলের (বাংলাদেশের) কোনো ক্ষতি হচ্ছে, ম্যাচের ফলের ওপর প্রভাব পড়ছে অথবা আপনাকে জরিমানা করা হচ্ছে; তাহলে না হয় মানা যেত। কিন্তু এ ধরনের কোনো কিছুই হয়নি। আপনার উচিত ব্যাটসম্যানকে যথাযথ নিয়মে আউট করা। ১০ থেকে ১৫ সেকেন্ড কারও দেরি হতেই পারে। এই ঘটনার পর ক্রিকেটীয় চেতনা বলে কিছু থাকল?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত