অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৪৯ পিএম

তৃতীয় দফার অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীতে ঝটিকা মশাল মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার রাতে রাজধানীর ফার্মগেট ও মগবাজার এলাকায় মিছিল করেন তারা। 

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় দফা অবরোধের সমর্থনে রাজধানীর ফার্মগেট ভিআইপি রোড এলাকায় শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অধীন তেজগাঁও জোনের বিভিন্ন থানার নেতাকর্মীরা। এতে অংশ নেন তেজগাঁও জোনের টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টি, তেজগাঁও জোন বিএনপির সদস্য যথাক্রমে এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, তেজগাঁও থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
 
এদিকে রাতে মগবাজার মোড় থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। 

প্র্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মশাল মিছিল শুরু হওয়ায় সেখানে যান চলাচলে কিছুটা ব্যঘাত ঘটে। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তৎপর হয়ে উঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ মশাল মিছিলকারীদের ধাওয়া দেওয়ার আগেই মিছিলকারীরা সটকে পড়েন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত