বেন স্টোকসের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

ইনজুরির কারণে বেঞ্চে বসেই দলের একের পর এক হার দেখেছেন। গত ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করা ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। তার ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসের সুবাদে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো তিনশ পেরোনো পুঁজি পেল ইংল্যান্ড। ব্যাটল অফ উডেন স্পুনার্সের ম্যাচে ডাচদের লক্ষ্য নির্ধারিত হয়েছে ৩৪০ রান।

২১তম ওভারে দলীয় ১৩৩ রানে জো রুট ফিরে গেলে ক্রিজে আসেন স্টোকস। সেখান থেকে ব্যাট করেছেন শেষ ওভার পর্যন্ত। ৬টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৮৩ বলে ১০৮ রান করে আউট হন স্টোকস। অথচ বিশ্বকাপের আগে অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে আসেন। ফিরেই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ১৮২ রানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস উপহার দেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি।

৮ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ডাভিড মালান খেলেন ৭৪ বলে ৮৭ রানের ইনিংস। ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস। বাস ডি লিডি ৩টি, লোগান ফন বিক ও আরিয়ান দত্ত ২টি করে উইকেট নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত