কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনসহ পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়া গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা (৯) ও সামিয়া (৬) এবং সালাম মিয়ার ভাই কাউসার মিয়ার মেয়ে সাদিয়া (৭)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে বাড়ির পাশের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় আমেনা, সামিয়া ও সাদিয়া। গোসল করতে গিয়ে বাড়ি ফিরে না আসলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটের পাশে তাদের জুতা পানিতে ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ধারণা করা হচ্ছে, ওই তিন শিশু বিদ্যালয় থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। লাশ হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
