বাসের ধাক্কায় গুরুতর আহত কুবি শিক্ষার্থী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফানুল্লাহ ঢাকাগামী তিশা বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মাতুয়াইল এস এমসি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কোটবাড়ি বিশ্বরোডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বাস ইরফানুল্লাহকে পেছন থেকে ধাক্কা দেয়।

ইরফানের বন্ধু জিল্লুর রহমান বলেন, ইরফান টিউশনি করার জন্য ঝাগরঝুলী বিশ্বরোডে যাওয়ার সময় ঢাকাগামী তিশা পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইরফানের হাত ভেঙে গেছে। মাথায় আঘাত পেয়েছে সে। নাক, মুখ, কানসহ বিভিন্ন স্থান দিয়ে রক্তক্ষরণ হয়েছে।

দুর্ঘটনার পর কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা ইরফানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তাকে ঢাকায় মাতুয়াইল এস এমসি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

মাতুয়াইল এসএমসি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর ফুসফুসে রক্তজমাট হয়েছে। সেগুলো বের করার চেষ্টা চলছে। আর বাকি অবস্থা পরে জানা যাবে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা বাসটা আটক করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগীর অভিভাবক আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি বিষয়টা জানতাম না, এখন জেনেছি। আমি বিস্তারিত খোঁজ নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত