এবার দায়িত্ব ছাড়লেন পারফরম্যান্স এনালিস্ট শ্রীনিবাসন

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:২৮ এএম

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পর এবার বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলে দিলেন দলের পারফরম্যান্স এনালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। এখন দুটি ম্যাচ জিততে পেরেছে তারা। আসর এখনও শেষ হয়নি, তবে এর মাঝেই পালাবদল শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে।

বাংলাদেশের সঙ্গে ডোনাল্ডের চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্তই। তাকে বিসিবির পক্ষ থেকে চুক্তি নবায়নের জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি সেটা গ্রহণ করেননি। তাই চলতি বৈশ্বিক আসর দিয়েই তার সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে বাংলাদেশের।

হতাশার ভারত বিশ্বকাপ মিশনে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ১১ নভেম্বর। পুনেতে যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ডোনাল্ডের মতো এই ম্যাচ দিয়েই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীনিবাস।

নিজেই বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী কালকের ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির, উত্থান-পতনের। ব্যাপারগুলো নিয়ে আমি বাকি জীবন তৃপ্তি পাবো।’

এনালিস্ট হিসেবে শ্রীনিবাস বেশ জনপ্রিয় নাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যাপক চাহিদা। তবুও তাকে বাংলাদেশ দলে ভিড়িয়েছিল আইপিএলে কাজ করতে দেওয়ার শর্ত মেনে। ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয় তাকে।

পাঁচ বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে কাজ করছেন শ্রীনিবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি আরও লিখেছেন, ‘আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে বিশ্বাস করেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে এবং আমি দলের অগ্রগতি গভীরভাবে অনুসরণ করব।’

একেবারে শেষে বাংলাদেশের সঙ্গে কয়টি ম্যাচে কাজ করেছেন সেটা তুলে ধরেন শ্রীনিবাস, ‘টেস্ট-২৫, টি-টোয়েন্টি-৭৫ ও ওডিআই-৮৩। কৃতজ্ঞ এবং ঋণী সবসময়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত