ক্ষমতা নয়, দেশের স্বার্থই বড় : প্রধানমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম

আমেরিকার গ্যাস বিক্রি প্রস্তাব প্রসঙ্গ উল্লেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে ক্ষমতা নয়, দেশের স্বার্থই বড়। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে— এমন দৈন্যতায় শেখ মুজিবের কন্যা ভোগে না।’ 

আজ রবিবার ( ১২ নভেম্বর) নরসিংদী জেলায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে  এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে আমরা ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু আওয়ামী লীগই ভোট বেশি পেয়েছিল, জনগণের সমর্থন ছিল। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি হতো আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করত। কিন্তু একটা বিরূপ পরিবেশের সম্মুখীন হই এ বিষয়টা অনেকেই জানেন না। সেই সময় আমার কাছে আমেরিকার পক্ষ থেকে একটা প্রস্তাব আসে বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে এবং ভারত সেই গ্যাস কিনবে। আমি রাজি হইনি। কারণ আমাদের যে প্রাকৃতিক গ্যাস, সেটা কতটুকু আছে আমরা জানি না।  

শেখ হাসিনা বলেন, আমি তাদের বলেছিলাম আপনারা সার্ভে করে দেন কত গ্যাস আছে আমি দেখব। দেশের মানুষ এই গ্যাস ব্যবহার করবে। আমাদের সার কারখানা করতে হবে। পেট্রো কেমিক্যাল, বিদ্যুৎ উৎপাদন, ঘরে গাস দিতে হবে সেগুলো আগে করব। এগুলো করার পর যদি অতিরিক্ত থাকে সেখানে আমি ৫০ বছরের মজুদ রাখব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অতিরিক্তটুকু বিক্রি করব, তার বাইরে নয়।  

তিনি বলেন, আমাদের নির্বাচনে হারাবার জন্য শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই। আমার দেশেরও কিছু জ্ঞানী মুরুব্বি তারাও যেন উঠে পড়ে লাগলেন কীভাবে আওয়ামী লীগকে হারানো যায়। জোর করেই নির্বাচন দেয়, আমরা আসতে পারিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকেরা সারের জন্য আন্দোলন করেছিল। সার চাওয়াতে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। গাইবান্ধার মহিমাগঞ্জে, টাঙ্গাইলের ঘাটাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তখন আমি কথা দিয়েছিলাম কৃষকদের সারের পেছনে ছুটতে হবে না, সার কৃষকদের ঘরে যাবে। সার তারা নিজেরাই পাবে। ২০০৯ এ ক্ষমতায় আসার পর থেকে সারের কোনো ঘাটতি হোক, যতই কষ্ট হোক সেটা আমরা করতে দিইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত