মস্কো-পিয়ংইয়ং নিয়ে ব্লিঙ্কেনের মন্তব্য বিপজ্জনক: উ. কোরিয়া

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম

পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, এ ধরনের মন্তব্য কোরীয় উপদ্বীপে রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মাত্রা বাড়াবে, যা বিপজ্জনক।

চলতি সপ্তাহের শুরুতে জাপানে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পর সিউল সফর করেন ব্লিঙ্কেন। সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। খবর ভয়েজ অব আমেরিকার। 

সফরকালে ব্লিঙ্কেন বলেন, পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সামরিক সম্পর্ক বাড়ছে এবং এটি বিপজ্জনক। তিনি পিয়ংইয়ংয়ের প্রধান মিত্র চীনকে পারমাণবিক অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার অনুরোধ জানান।

এরপর পিয়ংইয়ং ব্লিঙ্কেনের মন্তব্যের প্রতি নিন্দা জানায় এবং বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত