পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক পথচারী। নিহতের নাম মন্টু কর (৫১)। সে উপজেলা খরনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নিবারন করের ছেলে বলে জানিয়েছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ।
রবিবার (১২ নভেম্বর) পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ এলাকায় রাত দশটার দিকে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিরাবাদ এলাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি পটিয়া মুজাফরাবাদ এলাকা অতিক্রম করার সময় এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এক পর্যায়ে চালক বাসটি নিয়ে পটিয়া থানায় ঢুকিয়ে দিয়ে বাসটি রেখে চালক হেলপার পালিয়ে যায়।
এ ঘটনায় পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, মন্টু কর নামের এ লোকটি বাজার করে মহাসড়ক পার হয়ে বাড়িতে ফেরার পথে ঈগল পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। গাড়িটি পটিয়া থানায় রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।