আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলার আবেদন করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

এই আইনজীবীদের সবাই আইসিসিতে কর্মরত আছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রতিনিধি দলের পক্ষে আইসিসিতে মামলার আবেদন জমা দিয়েছেন গিলেস দেভার্স নামের এক আইনজীবী। দলের চারজন সদস্য এ সময় তার সঙ্গে ছিলেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদলু এজেন্সি।

আবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দেভার্স বলেন, ‘আইসিসি বর্তমানে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের তদন্ত করছে। আমরা মনে করি, এই তদন্তের সঙ্গে উপত্যকায় ইসরায়েলি বাহিনী পরিচালিত গণহত্যারও তদন্ত করা যেতে পারে।‘

এ সময় তিনি আরও বলেন যে, “১০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করা এবং পানি, জ্বালানি, খাদ্য ও ওষুধের সরবরাহে বাধা দেয়া ইঙ্গিত দেয় যে ইসরায়েল গাজার জনসংখ্যার সম্পূর্ণ বিনাশ চায়।“

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং বেলজিয়ামের সাবেক সিনেটর পিয়েরে গালান্ড বলেন, ‘আমরা এখানে মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচারের জন্য এসেছি।‘

প্রতিনিধি দলের অপর সদস্য এবং ব্রাসেলসভিত্তিক সংস্থা অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড ডিগনিটির প্রধান আবদেলমাজিদ মারারি বলেন, ‘ইসরায়েল আসলে হামাস দমনের নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের প্রকল্প নিয়েছে। গাজায় যেসব অপরাধ চলছে, সেসব তদন্ত করার পূর্ণাঙ্গ এখতিয়ার আইসিসির রয়েছে।‘

গত এক মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধের ৩৮ দিনে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ১১ হাজার ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৭৭০০ এরও বেশি নারী ও শিশু এবং ২৮ হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত