সম্পাদক হিসেবে আবুল হাসনাত অনন্য। একালে তার তূল্য সাহিত্য সম্পাদক আর নেই। কিন্তু তিনি শুধু অনন্য সম্পাদক নন, তিনি একজন বিশিষ্ট কবি, চিন্তাশীল প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও চিত্র সমালোচক।
তার মৃত্যু–সাহিত্য ও সংস্কৃতির জগতে এক অপূরণীয় ক্ষতি। অসাধারণ বিনয়ী, নম্র কিন্তু নীতির প্রশ্নে দৃঢ় আবুল হাসনাত মানুষ হিসেবেও ছিলেন অতুলনীয়, অনন্য। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে গঠিত হয়েছে আবুল হাসনাত ফাউন্ডেশন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মোরশেদ শফিউল হাসান ও লুভা নাহিদ চৌধুরী ও নাসিমুন আরা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার প্রজ্ঞা লাবনী। অনুষ্ঠানটির আয়োজন করে আবুল হাসনাত ফাউন্ডেশন। বইটি প্রকাশ করেছে জার্নিম্যান বুকস।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আবুল হাসনাতের স্মৃতিচারণ করে বলেন, তিন বছর হলো আমাদের মাঝে আবুল হাসনাত নেই বিশ্বাস করতে মন চায় না। বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য গ্রন্থ’ একটি অসাধারণ বই। এই গ্রন্থে আমরা পরিণত একজন লেখককে পাই। এতে তার স্মৃতি সমৃদ্ধ ও চিন্তাশীল অনেক প্রবন্ধ স্থান পেয়েছে।
