লঞ্চে ‘আগুন দেওয়ার পরিকল্পনাকারী’ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:২৪ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনাকারী বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (১৫ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীবাহী লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনা, ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতা রেজাউল করিমসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপরজন হলেন, রেজাউল করিমের সহযোগী স্থানীয় একটি কলেজের ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেন আবির (২৭)। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দলীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনায় রেজাউল করিম রনির পরিকল্পনা ও নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বরিশাল মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতা ও নাশকতা চালানো হয়। রনি গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় সমাবেশে যোগ দেয়ার জন্য নেতাকর্মীদের নিয়ে ঢাকায় আসে। পরবর্তীতে তারা রাজধানীর পল্টন ও এর আশপাশের এলাকায় গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালায়। এ সময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা চালায়। 

র‍্যাব আরও জানায়, পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা বরিশালে ফিরে আসে। শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশে বরিশাল মহানগরের দূরপাল্লার পরিবহন, বাস স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করে রেজাউল। পরে যানবাহনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তার ভিডিও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে পাঠাত। 

রেজাউল করিম রনির বিরুদ্ধে বরিশাল সদর থানায় ৫টির বেশি মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত