সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দেশ আমাদের চিঠি দিতেই পারে। সেই চিঠি আমরা পড়ব এবং দলের শীর্ষ নেতারা চিঠির জবাব দেবেন। তবে নির্বাচন সঠিক সময়ের ভেতরে হবে এতে কোনো সন্দেহ নেই।’
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তফসিল ঘোষণা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে পাগলা বাজারে যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির তফসিল প্রত্যাখান নিয়ে তিনি বলেন, বিএনপি তো আগেই বলেছে তফসিল, নির্বাচন প্রত্যাখান করবে। শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে তারা অন্য পথে ক্ষমতায় আসতে চায়। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্থি বোধ করে না।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের কথাও আমরা শুনব। তবে নির্বাচন কীভাবে হবে- সেই বিষয়টি পরিষ্কার করে আইন আছে। সুতরাং বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন হবে।
এম এ মান্নান নিজের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বলেন, ‘কোন্দল কিছুটা থাকবে। যেহেতু নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে- এসব কিছু থাকবে না। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি সুস্থ আছি, আমি পুরোপুরি সুস্থ এবং নির্বাচনের জন্য প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধরসহ আওয়ামী লীগ নেতা কর্মীরা।
