ফের শাকিব খান ও জাহিদ আকবর জুটি, সঙ্গে সোনাল চৌহান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম

সুরমা সুরমা গানের পর শাকিব খানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমার ‘গভীরে’ গানটি লিখেন জাহিদ আকবর, যা বেশ দর্শকপ্রিয়তা পায়। মুখে মুখে ফিরে শ্রোতাদর্শকদের। সেই ধারাবাহিকতায় শাকিব খানের আসন্ন সিনেমায়ও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এ গীতিকার।

গানের শিরোনাম এই ভাবাও, এই ভাসাও, বুকের ই মাঝে হারাও। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম। ভারতের বেনারসে শেষ হয়েছে গানটির শুটিং। বৃহস্পতিবার সিনেমাটির গানের দৃশ্যের একটি ছবি সোশ্যালে শেয়ার করেন নির্মাতা। যেখানে শাকিব খান ও সোনাল চৌহানকে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে!

গানটি প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘দরদ সিনেমার গানটি সুরের উপর লিখেছি। সুরের উপর লেখার সময় একজন গীতিকারের সীমাবদ্ধতা থাকে। তবু বরাবরের মতো এবারও নিজের মতো করে গানটা লেখার চেষ্টা করেছি।  শাকিব খানের সিনেমার জন্য গান লেখার সময় তার বিষয়টি মাথায় রেখেও লিখতে হয়। এবারও সে বিষয়গুলোও মাথায় ছিলো। এছাড়া সিনেমার গল্পের প্রয়োজনে যে শব্দ, উপমা ব্যবহার করা লাগে সেটা করেছি।’

নির্মাতা জানান, ‘দরদ’ সিনেমাতেও গানে ভক্তদের দারুণ কিছু চমক উপহার দেবেন শাকিব খান। 

ভালোবাসা দিবসে মুক্তি ঘিরে টানা শুটিং চলছে সিনেমাটির। ইতোমধ্যে বেশীরভাগ অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’-এ শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত