কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার টাকা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও সেই মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান চালানো হয়। জরিমানাপ্রাপ্ত নুরুজ্জামান ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।

জানা গেছে, ওই এলাকায় খননযন্ত্র দিয়ে কৃষিজমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। জমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কোনো সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত