ডেইলি ডায়েটে ডিম অতি জরুরি। ডিম শরীরে যে পুষ্টি যোগায় আর নতুন করা বলা লাগে না। এই ডিম খাওয়া হয় নানা ভাবে। তবে অনেকেই দ্বিধায় থাকেন ডিম ভেজে খেলে নাকি সিদ্ধ করে খেলে মিলবে বেশি উপকার?
এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। পুষ্টিবিদরা বলছেন, ডিমের সমস্ত গুণ পেতে চাইলে আপনাকে ডিম সিদ্ধ করেই খেতে হবে। তাতেই এই খাবারে মজুত থাকা সমস্ত ভিটামিন ও খনিজকে অক্ষত অবস্থায় গ্রহণ করতে পারবেন। অপরদিকে নিয়মিত ওমলেট বা ডিম ভাজি খেলে কোলেস্টেরল এবং ওজন, দুটোই ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হবে।
তবে এই কথা শুনেই ওমলেট থেকে মুখ ফিরিয়ে নেবেন না। বরং যে কোনও সুস্থ-সবল মানুষ সপ্তাহে এক-দু’টি ওমলেট খেলে সমস্যা নেই। কিন্তু ডায়াবিটিস, কোলেস্টেরল, হাই প্রেশার বা ওজন বেশি থাকলে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ মতোই ওমলেট খান।
অনেকেই মনে করেন, আধ-সিদ্ধ বা হাফ বয়েল ডিম বোধহয় খুব উপকারী। তবে বিষয়টা একবারেই তেমন নয়। বরং হাফ বয়েল ডিম খেলে শরীরে সিঁধ কাটতে পারে একাধিক ব্যাকটেরিয়া। আর এইসব ব্যাকটেরিয়ার ফাঁদে পড়লে বমি, ডায়ারিয়ার খপ্পরে পড়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ-সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে হাফ বয়েল ডিম এড়িয়ে চলার চেষ্টা করুন। নইলে হুট করে আক্রান্ত হতে পারেন ব্যাকটেরিয়ার সংক্রমণে।
একজন সুস্থ মানুষ প্রতিদিন আস্ত একটি ডিম অনায়াসে খেতে পারেন। তবে ডায়াবিটিস, হাই কোলেস্টেরলের যাদের আছে তারা আস্ত একটি ডিম খাবেন না। এর চেয়ে আপনারা দিনে ২টি ডিমের সাদা অংশ খেতে পারেন। এটা নিরাপদ।
