কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কণ্ঠ নকল করে হাতিয়ে নিল দেড় লাখ রুপি!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ হুবহু নকল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। সম্প্রতি কানাডাবাসী ভাতিজার কণ্ঠ নকল করে দিল্লির বাসিন্দা ফুফুর কাছ থেকে প্রায় দেড় লাখ রুপি হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুরো ঘটনাটি ঘটেছে এআই প্রযুক্তির সাহায্যে। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ৬০ বছর বয়সী ফুফুকে প্রায়ই ফোন করতেন তার ভাইয়ের ছেলে। ভুক্তভোগী ওই নারী বলেন, ‘সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে মধ্যরাতেই বেশি কথা হতো আমাদের। অন্যান্য দিনের মতোই সে দিন মধ্যরাতে ফোন আসে। একেবারে ভাতিজার কণ্ঠ নকল করে আমার সঙ্গে যে অন্য কেউ কথা বলে, তা টের পাইনি আমি। একেবারে ঝরঝরে পঞ্জাবি ভাষায়, একেবারে আমার ভাতিজার মতোই কথা বলছিল সে।’ 

স্থানীয় পুলিশ বলছে, কণ্ঠ নকল করে প্রতারকেরা ওই প্রৌঢ়ার কাছ থেকে  দেড় লাখ রূপি সাহায্য চান। সত্যতা যাচাই না করেই ফোন মারফত ওই পরিমাণ অর্থ পাঠিয়ে দেন তিনি।

দিল্লির তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞেরা বলছেন, কণ্ঠ নকল করে আর্থিক জালিয়াতির ঘটনা বিশ্বের নানা প্রান্তে বেড়েই চলেছে। কানাডা ও ইসরায়েলের মতো দেশ এই ধরনের প্রতারণার নতুন শিকার। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বয়স্ক, নিঃসঙ্গ পরিজনেরাও তাঁদের নজরে থাকেন। তাই কোথাও টাকা পাঠানোর আগে সেই বিষয়ে বার বার যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। সূত্র: আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত