বিশ্বমঞ্চের আলোর মিছিলে...

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০১:৫৬ এএম

বিষাদের ঢাক কি তবে বাজতে শুরু হয়েছে! বিশ্বকাপের সময় যে ঘনিয়ে এসেছে। ১৯ নভেম্বর পর্দা নামছে টুর্নামেন্টের। গুজরাটের আহমেদাবাদে ফাইনাল দিয়ে দেড় মাসের একটা যজ্ঞ যেন শেষ হবে। তবে এবারের আসরের উদীয়মানরা যে ঝলক দেখিয়েছেন, সেসব স্মৃতি রোমন্থন করলে খুশিতে নেচে উঠতে পারে মন।

১০ দলের বিশ্বকাপের দুই সেমিফাইনাল শেষ হয়েছে বৃহস্পতিবার। বরাবরের মতোই দক্ষিণ আফ্রিকা সেমির গেরো খুলতে পারেনি। নিউজিল্যান্ড আরও একবার হতাশ করেছে। শেষ চার থেকে এবার বিদায় নিয়েছে গত দুইবারের ফাইনালিস্টরা। তবে ব্ল্যাকক্যাপসরা একজন উদীয়মান তারকা পেয়েছে। আগামী ক্রিকেট বিশ্বে রাজত্ব করার ইঙ্গিত দিয়ে রেখেছেন যিনি, তিনি রাচিন রবীন্দ্র।

টুর্নামেন্টের লিগ পর্ব থেকেই তিনি দ্যুতি ছড়িয়েছেন। ৯ ম্যাচে ৭০.৬২ গড়ে ৫৬৫ রান করেন তিনি। এই সময়ে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন। তবে নকআউট স্টেজের চাপে আর পারফরম্যান্সে ধারাবাহিক হতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে থেমেছেন মাত্র ১৩ রান করেই। ১০ ম্যাচে তাই রান তার ৫৭৮। গড়টা ৬৪.২২, স্ট্রাইক রেট ১০৬.৪৪। শুধু ব্যাট হাতেই থামেননি তিনি। বল হাতেও নিয়েছেন ৫ উইকেট।

রাহুল দ্রাবিড় আর শচিন টেন্ডুলকারের সঙ্গে নামের মিল রেখে বাবা নাম রেখেছেন রাচিন। ২৩ বছর বয়সী এই কিউই ক্রিকেটারের প্রথম বিশ্বকাপে পারফরম্যান্স উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখাচ্ছে। রাচিনের মতোই এবার নিজের প্রথম বিশ্বকাপ খেলছেন শুবমান গিল। ঘরের মাঠে নিজের অভিষেক আসরটা রাঙানোর আগেই তাকে ডেঙ্গু হানা দিয়েছিল। খেলতে পারেননি প্রথম দুটি ম্যাচ। তৃতীয় ম্যাচ থেকেই নিয়মিত। ব্যাটেও আছে প্রত্যাশিত ছন্দ। ৮ ম্যাচে তিনি করেছেন ৩৫০ রান। ফিফটি আছে ৪টা। সর্বোচ্চ ৯২ রানের ইনিংস। নেই কোনো সেঞ্চুরি। ফাইনালে তার ব্যাট জ্বলে উঠবে এমন প্রত্যাশা সবার মাঝে।

গিলের দল ভারত যে ফাইনাল খেলবে, সেটা ছিল প্রত্যাশিতই। অনেকেই তাদের প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত সেটা না হলেও আসরজুড়ে তারা দাপট দেখিয়েছে। সেই দলেও আছেন একজন উদীয়মান ক্রিকেটার। তিনি দলটির বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোটজে। প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি ২০ উইকেট তার ঝুলিতে। টুর্নামেন্টের ৮ ম্যাচ খেললেও কোনোটিতে ৫ উইকেটের দেখা পাননি। ৪৪ রানে ৪ উইকেটই তার সেরা ইনিংস। তবুও সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তার নাম। ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ৪ ইনিংসে করেছেন মাত্র ৫৪ রান।

কোটজের ব্যাটিং সামর্থ্য প্রদর্শনের সুযোগ না মিললেও ইব্রাহিম জাদরান দেখিয়েছেন। ২১ বছর বয়সী এই আফগান ক্রিকেটার আলো ছড়িয়েছেন। ঘুচিয়েছেন এক বদনামও। আফগানরা বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে পারে না। এমন অপবাদের যেন জবাব দিলেন ৯ ম্যাচে ৪৭ গড়ে ৩৭৬ রান করে। তার ব্যাট থেকে এসেছে একটি করে ফিফটি ও সেঞ্চুরি। সর্বোচ্চ ১২৯ রানের অপরাজিত ইনিংস। উদীয়মান ক্রিকেটার হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এবারের বিশ্বকাপে।

তবে এই পাঁচ ক্রিকেটারের ভিড়ে শীর্ষে আছেন রাচিন রবীন্দ্রই; যার নামের সঙ্গে জড়িয়ে আছে দুই ব্যাটিং কিংবদন্তি। তবে শচিন যেমন স্পিন ঘোরাতেন, রাচিনও তা-ই করেন। তাতে ব্যাটে-বলে তিনি হয়ে উঠেছেন কিউইদের অন্যতম ভরসা। উদীয়মানের কোনো মুকুট থাকলে এবার সেটা মাথাতেই মানাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত