যমুনার চর সেবামূলক কাজ ঘুরে দেখলেন সৌমিত্র দস্তিদার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর কান্তনগর গ্রামের হতদরিদ্র নারীদের সুই-সুতার কাজ দেখলেন কলকাতার খ্যাতিমান লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।

এ সময় তিনি দর্জি প্রশিক্ষণ, শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গড়া মরহুম আজিতুল্লা তালুকদার পাঠাগার, ভূট্টা চাষিদের মাঝে বিনাসুদে ঋণ ও অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন।

শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন সুধা ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন সুধা ফাউন্ডেশনের ম্যানেজিং ওয়ার্কার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন। আরও উপস্থিত ছিলেন আজাহার তালুকদার, রব্বানি তালুকদার, শাহাদৎ তালুকদার, মামুন তালুকদার, সোশ্যাল ওয়ার্কার মার্টিন মন্ডল, বখতিয়ার আবিদ চৌধুরী, সাংবাদিক মো. মুমীদুজ্জামান জাহান ও আবুল হোসেন।

এ কার্যক্রম পরিদর্শন শেষে লেখক সৌমিত্র দস্তিদার উপস্থিত সাংবাদিকদের বলেন, রেজাউল করিম খোকন নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে যে মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছেন তা থেকে অনেক অসহায় নারী তাদের কর্মসংস্থান পেয়েছেন; সুদমুক্ত ঋণ পেয়ে দরিদ্র কৃষকরা লাভবান হয়েছেন। আবার শিশুরা এখানে জ্ঞানচর্চা করে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জল করে তুলছেন। তার এই মানবিক কার্যক্রমে আমি সত্যি মুগ্ধ ও বিমহিত। তার মতো আরও স্বচ্ছল ব্যক্তিরা যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে তবে এ দেশ আরও এগিয়ে যাবে।

এ বিষয়ে সুধা ফাউন্ডেশনের ম্যানেজিং ওয়ার্কার রেজাউল করিম খোকন  বলেন, নিজের ভালো লাগা থেকে নিজের সাধ্য অনুযায়ী যমুনার চরের এসব অসহায় মানুষের জন্য কাজ করছি। কোনো কিছু পাবার আশায় নয়। মনের টানে এলাকার জন্য কিছু করতে পারাটা ভালো লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত