ইসরায়েলি কর্মকর্তাদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের জেরে ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এরই ধারাবাহিকতায় গত দেড় মাস ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলেও অব্যাহত হামলা ও অভিযান চালাচ্ছে দখলদার দেশটি। তবে পশ্চিম তীরে বেসামরিকদের ওপর হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দুই পক্ষের চলমান যুদ্ধের পর শেষ পর্যন্ত গাজা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে মনে করেন বাইডেন। এছাড়া পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করা ‘চরমপন্থীদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে এ অভিমত দিয়েছেন জো বাইডেন। গতকাল শনিবার দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম (ব্যক্তিগত মন্তব্য) বিভাগে বাইডেন লিখেছেন, ‘আমি ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।’

নিবন্ধে জো বাইডেন বলেছেন, ‘যেহেতু আমরা শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন-কাঠামোর অধীনে পুনরেকত্রিত হওয়া উচিত, শেষ পর্যন্ত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত। কেননা, আমরা সবাই একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে কাজ করছি।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করা চলবে না, পুনর্দখল চলবে না, কোনো নিরোধ বা অবরোধ চলবে না এবং ভূখণ্ডের পরিমাণ হ্রাস করানো যাবে না।’

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা আরও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত