মিয়ানমারে আটকে পড়া ২৬৬ নাগরিককে ফিরিয়ে নিচ্ছে থাইল্যান্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

উত্তর মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াইয়ে আটকে পড়া ২৬৬ জন নাগরিককে ফিরিয়ে নিচ্ছে থাইল্যান্ড। রবিবার (১৯ নভেম্বর) থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে ২৬৬ জন থাই নাগরিক, কিছুসংখ্যক ফিলিপিনো এবং সিঙ্গাপুরের নাগরিককে উত্তর শান রাজ্যের লাউকাইং থেকে চীন সীমান্তে নেওয়া হচ্ছে। তাদের সেখান থেকে থাইল্যান্ডে ফিরিয়ে নেওয়া হবে।

যদিও নাগরিকদের প্রত্যাবাসনের কাজে নিয়োজিত ফ্লাইটের সময় নির্দিষ্ট করে জানায়নি থাইল্যান্ড।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে উত্তর মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির হাজার হাজার বাসিন্দা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছে, যার মধ্যে রয়েছে জান্তা সদস্যরাও।

গত কয়েক দশক ধরে বিভিন্ন অঞ্চলের জাতিগত সংখ্যালঘু ও অন্যান্য বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই চলছে। তবে ২০২১ সালে সামরিক অভ্যুত্থান জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর মাঝে নজিরবিহীন সমন্বয় তৈরি করে। এ কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সামরিক বাহিনীকে।

গত মাসের শেষের দিকে জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্যরা জান্তার বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে। এরপর সামরিক বাহিনীর বেশ কিছু নিরাপত্তা চৌকি ও স্থাপনার দখল নেয় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত