২৩ কোটি টাকায় বিক্রি হলো নেপোলিয়ানের হ্যাট

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ান বোনাপার্টের ব্যবহৃত একটি বাইকর্ন বা দুই কোণার হ্যাট নিলামে তোলা হয়। স্থানীয় সময় রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামটি অনুষ্ঠিত হয়। নিলামে তার হ্যাটটি বিক্রি হয়েছে ১৯ লাখ ৩২ হাজার ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ২৩ কোটি টাকা। এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে এ তথ্য। 

প্রতিবেদনে বলা হয়, কালো বাইকর্ন বিভারের হ্যাটটি ছয় লাখ থেকে ৮ লাখ ইউরোতে বিক্রি হতে পারে বলে ধারণা করেছিলো নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত। কিন্তু সেটি সব ধারণা ও রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৪ সালে নেপোলিয়নের আরেকটি হ্যাট বিক্রি হয়েছিল ১৮ লাখ ৮৪ হাজার ইউরোতে। সেটিই এতোদিন সর্বোচ্চ ছিল।

ইতিহাসবিদদের মতে, এরকম হ্যাট ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। যুদ্ধের ময়দান কিংবা সেনা বা জনসমাবেশ- এই হ্যাট পরা দেখলেই চেনা যেতো ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি হ্যাট ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি। যেগুলোর প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত