নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ব্যবহার্য জিনিসপত্র

  • প্রিন্সেস ডায়ানার বেশ কিছু পোশাক-পরিচ্ছদ সহ ৫০টি স্মৃতিচিহ্ন নিলামে উঠতে যাচ্ছে
  • নিলামের পণ্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আরবেইডের নীল ডায়মান্ট বল গাউন
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৩২ পিএম

এক সময় বিশ্বের সবচেয়ে খ্যাতিমান নারী হিসেবে পরিচিত ছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানা। তৎকালীন যুগে সৌন্দর্য ও ফ্যাশন আইকন হিসেবে আদর্শ মানা হত তাকে। বিশেষ করে ফ্যাশন প্রেমীদের কাছে তিনি রীতিমতো রোল মডেল।

এবার সেই প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত বেশ কিছু স্মৃতিচিহ্ন নিলামে উঠতে যাচ্ছে। খবর এনডিটিভি।

চলতি সপ্তাহেই নিলামে উঠছে প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানার বেশ কিছু পোশাক-পরিচ্ছদ সহ ৫০টি স্মৃতিচিহ্ন। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এ নিলাম অনুষ্ঠিত হবে।

প্রয়াত ব্রিটিশ রাজকুমারীর ব্যবহৃত জিনিষ আগেও বেশ কয়েকবার নিলামে উঠেছে। ডায়ানার মৃত্যুর পর এটি হতে যাচ্ছে তাঁর স্মৃতিচিহ্নের সবচেয়ে বড় নিলাম।

এবারের নিলামে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত গাউন, জুতা, হ্যান্ডব্যাগ ও টুপি সহ মোট ৫০ আইটেমের জিনিষ নিলামে উঠতে যাচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পণ্যটি আরবেইডের নীল ডায়মান্ট বল গাউন। যা ১৯৮৬ সালে প্রিন্সেস ডায়ানা অ্যান্ড্রু লয়েড ওয়েবারের ‘দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা’ এর লন্ডন প্রিমিয়ারে পরেছিলেন। ডায়ানার ব্যবহৃত এই পোশাকটির দাম ৪ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করা হচ্ছে। 

কেননা গত বছর কালো রঙের মখমলের তৈরি ডায়ানার একটি পোশাক ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলারে বিক্রি হয়েছিল।

জুলিয়েনস অকশনের কর্মকর্তা গ্যাব্রিয়েলা শোয়ার্টজ বলেন, আমাদের কাছে সত্যিই কিছু চমকপ্রদ জিনিস আছে। এগুলো ডায়ানা অনেক গর্বের সঙ্গে পরতেন এবং এগুলো সত্যিই তার স্টাইলের প্রতীক।

১৯৮১ সালে প্রিন্সেস ডায়ানার সঙ্গে বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের বিয়ে হয়। তবে ১৯৯৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। প্রিন্স উইলিয়াম ও হ্যারি।

১৯৯৭ সালের ৩১ আগস্ট পাপারাজ্জিদের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করেন ব্রিটেনের সুন্দরী রাজপুত্রবধূ ডায়ানা ও তাঁর প্রেমিক। এ দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা, তাঁর বন্ধু দোদি ও গাড়িচালক হেনরি পল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত