কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল থেকে ফেরার পথে ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৯ ও ২০ নভেম্বর জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে একটি মিছিল বের করে জামায়াত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত কাজম আলীর ছেলে ফজলুল হক (৬০), হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত বেলাল হোসেনের ছেলে এনামুল হক (২৩), মৃত বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল ইসলাম (২১) ও হযরত আলীর ছেলে সাব্বির রহমান (১৯)।

এ বিষয়ে জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে ফেরার পথে অটো থেকে নামিয়ে ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অন্যায়ভাবে নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে আটক করে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত