লোহিত সাগরে ‘ছিনতাই হওয়া’ পণ্যবাহী কার্গো জাহাজ পুনরুদ্ধারে ইয়েমেনের হুতির সঙ্গে আলোচনার চেষ্টা করছে জাপান। এ ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়ে টোকিও বলেছে, তারা এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে। কারণ টোকিও জাহাজটির মুক্তি নিশ্চিত করতে চায়।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেন, টোকিও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে। হুতির সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এছাড়াও সৌদি আরব, ওমান, ইরান এবং সংশ্লিষ্ট দেশগুলোকে ওই জাহাজ এবং এর ক্রুদের ছেড়ে দিতে হুথিদের প্রতি আহ্বান জানাতে বলা হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, রবিবার (১৯ নভেম্বর) তুরস্ক ছেড়ে আসা ভারতগামী একটি কার্গো জাহাজ ছিনতাই করে ইয়েমেনের হুতি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হুতির বিরুদ্ধে জাহাজ ছিনতাইয়ের দাবি তুললেও এটি ব্রিটিশ মালিকানাধীন এবং একটি জাপানি সংস্থা এটির পরিচালনার দায়িত্বে ছিল।
