গ্যাং তৈরি করে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করার অভিযোগে ‘প্রলয় গ্যাংয়ের’ চার সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের তবারক মিয়া, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের মুরসালিন ফাইয়াজ ও ফয়সাল আহমেদ সাকিব এবং অপরাধ বিজ্ঞান বিভাগের জুবায়ের ইবনে হুমায়ুন।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও কথিত ‘প্রলয় গ্যাং’ নামের একটি গ্রুপের বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গঠিত আন্তঃহল তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে হবে।
