ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও দাবি আদায়ে মানবাধিকারের লড়াই চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি আরও বলেছেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল যদি সাম্প্রদায়িক ও সংখ্যালঘু স্বার্থবিরোধী কার্যকলাপে যুক্ত কাউকে মনোনয়ন দেয় তাহলে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে তাদেরকে ভোট দেওয়া সম্ভব হবে না।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে তিনি নির্বাচন কমিশন ও নির্বাচনকারীন সরকারের প্রতি বেশকিছু দাবি জানান। এর মধ্যে নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরি, নির্বাচনী প্রচারনায় ধর্মীয় ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা, নির্বাচনের দুদিন আগে ও পরবর্তী ১৫ দিন ধর্মীয় সংখ্যালঘু নির্বাচনী এলাকাগুলোতে বিজিব ও র্যাবের টহল বাড়ানোর দাবি জানান রানা দাসগুপ্ত।
এক প্রশ্নে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের মধ্যে কেউ কেউ আছেন যারা এই নির্বাচন বর্জনের ধারায় আছেন। কিন্তু আমরা মনে করি ধর্মীয় সংখ্যালঘুদের বৃহত্তর অংশ মনে করে এই নির্বাচন ছাড়া সরকারের পরিবর্তন সম্ভব নয় এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক ধারা সেটি বহমান রাখার মধ্য দিয়ে এদেশের মানবিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব।’
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।
