ভোটের মাঠে আইন প্রয়োগকারী সংস্থার সাড়ে ৭ লাখ সদস্য

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৪:০৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে অতিরিক্ত সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অশোক কুমার দেবনাথ বলেন, ‘যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, সে উপলক্ষে আজকে (গতকাল) বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়েছে। এখানে বাজেট কখনো চূড়ান্ত হয়নি। একটা সম্ভব্য বাজেট নিয়ে আলোচনা হয়। প্রতিজন ও প্রতিদিন হিসাবে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) একটা বাজেট দেয়। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত একটা হার আছে, সেই অনুযায়ী কত সংখ্যক নিয়োগ হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তারা কিছু অগ্রিম বরাদ্দ চেয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা কতটুকু দিতে পারব, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কতজন সদস্য দায়িত্ব পালন করবেন এবং সব মিলিয়ে বাজেট কত এমন প্রশ্নে তিনি বলেন, সব মিলিয়ে বাজেট বলা যাবে না। কোন বাহিনীর সংখ্যা কত, সেটা বলতে পারি। আনসার ৫ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড থাকবে ২ হাজার ৩৫০, বিজিবি থাকবে ৪৬ হাজার ৮৭৬ এবং পুলিশ ও র‌্যাব থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১। আর সেনাবাহিনীর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত