ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তির কাছাকাছি হামাস

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:০১ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে গত দেড় মাস ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির সমঝোতায় যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। রয়টার্সকে এ তথ্য জানান হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান ইসমাইল হানিয়াহ।

বিবৃতিতে বলা হয়, “হামাস কর্মকর্তারা ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। কাতারের মাধ্যমে হামাস এই চুক্তির প্রস্তাব পেয়েছে এবং তাতে সম্মতিও দিয়েছে।“

সম্ভাব্য এই সমঝোতা চুক্তিতে কী কী শর্ত রয়েছে তা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হানিয়া; তবে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা হামাস নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার ব্যাপারটি শীর্ষে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রথমবারের মতো হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েলও।

ইসরায়েলভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে যে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই এই সমঝোতায় আসতে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলের শাসকগোষ্ঠী।

আরও বলা হয় যে, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়া হলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেয়া হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই কথা জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন একটি চুক্তি কাছাকাছি। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি গাজায় আটক কিছু জিম্মীর মুক্তি এবং অবরুদ্ধ ভূখণ্ডটিতে মানবিক সহায়তা প্রদানের জন্য চুক্তির আলোচনা চলছে বলে জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত