যশোরের কেশবপুরে ১২ দিন বয়সী দুই যমজ সন্তানকে হত্যার অভিযোগে তাদের মা সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে কেশবপুর পৌর সদরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশের ডোবা থেকে মৃত দুই শিশুর লাশ উদ্ধার করার পর তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আবুবকর বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের বরাতে কেশবপুর থানার ওসি মো. জহিরুল আলম জানান, কেশবপুর পৌরসভার সাহাপাড়া নতুন মসজিদ এলাকায় বাবার বাড়িতে স্বামী আবু বক্করসহ থাকেন সুলতানা খাতুন। গত ১০ নভেম্বর তিনি যমজ ছেলে ও মেয়ে সন্তান প্রসব করেন। স্বামীর সাথে কলহের জের ধরে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুই সন্তানকে বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করেন সুলতানা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে ওই ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মা সুলতানা খাতুন দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।
