বললেন প্যাট কামিন্স

‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জয় ক্যারিয়ারের জন্য স্মরণীয় অর্জন’

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম

মাত্র ছয় মাসের মধ্যে অ্যাশেজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জেতা, তার এখনকার অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের ক্যারিয়ারে ‘স্মরণীয় অর্জন’ বলে বিশ্বাস করেন প্যাট কামিন্স। বিশ্বকাপ জয়ের পর ভারত ছেড়ে বুধবার দেশে ফেরা শুরু করেন অজি ক্রিকেটাররা।

ভারতেই টি২০ সিরিজ থাকায় বিশ্বকাপ দলের সাতজন খেলোয়াড় রয়ে গেছেন সেখানে। তার আগে প্রায় ছয় মাসের সফরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতে সময় কাটাতে হয় কামিন্সদের। এই সময়ের মধ্যেই দুর্দান্ত প্রতিযোগিতার পর অ্যাশেজ ট্রফি নিজেদের দখলেই রেখে দেয় অস্ট্রেলিয়া। এর পর ভারতকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ নেয় এই দলটি। আর মুকুটে সবশেষ সংযোজন, ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতা।

সিডনি বিমানবন্দরে পৌঁছে কামিন্স বলেন, ‘আমার মনে হয় এই দলের সদস্যরা লিগ্যাসি তৈরি করলো নিজেদের। আপনি চার বছরে মাত্র একবার এই সুযোগ পাবেন। আবার ভারতের মতো কন্ডিশনে আমাদের জন্য মোটেও সহজ ছিল না।’

এখনো বিশ্বকাপ জয়ের কথা মনে হতেই প্রতি মুহূর্তে ‘শিহরিত’ হচ্ছেন কামিন্স। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অধিনায়কত্ব করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। তবে কামিনস্ বলেন, ‘সত্যি বলতে প্রথম দুই ম্যাচ হারের পর আমার মনে হয়েছিল এবারের বিশ্বকাপ শেষ হয়ে যেতে চলেছে। তাই শুধু মাত্র সেমিতে থাকা নিশ্চিত করতেই আমরা আরও একটু বেশি চেষ্টা চালিয়ে যেতে ঠিক করেছিলাম।’

সামনের বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া টি২০ বিশ্বকাপের ট্রফিটা এবারে নিজেদের করে নেবার পালা কামিন্সদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত