টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা উত্তরপাড়া নামক স্থান থেকে পুলিশ অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেলপথের ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা উত্তরপাড়া নামক স্থানে জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ধলেশ্বরী ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ধলেশ্বরী নামক লোকাল ট্রেনটি আগতেরিল্যা ব্রিজের কাছে এলে অজ্ঞাত ওই ব্যক্তির ট্রেনের সাথে ধাক্কা লাগে এবং পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আমরা মরদেহ উদ্ধার করে রেল পুলিশের নিকট হস্তান্তর করেছি।
