ভারত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ এএম

ভারত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ক্রয় কমিটির সভায় বর্জ্য থেকে বিদ্যুৎ ও সৌরবিদ্যুতের ট্যারিফ নির্ধারণসহ আরও ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার টাকা।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়। অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, বিদ্যুৎ বিভাগের ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব অনুমোদন দেয়নি কমিটি।

সাঈদ মাহবুব বলেন, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৪ টাকা ৬০ পয়সা।

সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ কেন্দ্র স্থাপন করবে। ট্যারিফভিত্তিতে বিদ্যুৎ কিনতে ২৫ বছরে প্রতি কিলোওয়াট ঘণ্টা ২১ টাকা ১১ পয়সা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৮ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত