ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর একটি শক্তিশালী ঘাঁটিতে বিমান হামলা করেছে মার্কিন বাহিনী। এতে সংগঠনটির আট সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্র থেকে বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখারে কাতাইব হিজবুল্লাহর ঘাঁটিতে দুটি সিরিজ বোমা হামলা চালান হয়। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর ৬০ টিরও বেশি আক্রমণের প্রতিক্রিয়ায় একটি কাতাইব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং একটি কমান্ড ও কন্ট্রোল নোড ধ্বংস করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে যে, ইরাকে যুক্তরাষ্ট্রের হামলায় বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখারে শক্তিশালী ঘাঁটিতে তাদের আট সদস্য নিহত হয়েছে।
মার্কিন হামলা অব্যাহত থাকলে তাদের পক্ষ থেকে আরও বিস্তৃত লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেয়া হয় বিবৃতিতে।
এদিকে মার্কিন হামলার নিন্দা জানিয়ে ইরাকি সরকার মার্কিন এই হামলাকে দেশটির "সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং স্থিতিশীল অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে ব্যাহত করার প্রচেষ্টা" বলে মন্তব্য করেছে, পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর হামলা ইরাকের জাতীয় স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করা হয়।
