কানাডার টরন্টোতে আকাশচুম্বী বাড়ি ভাড়া। তাই খরচ কমাতে সেখানকার এক নারী তার বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিয়েছেন। আর এই বিজ্ঞাপন মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত মাসে টরন্টো-ভিত্তিক রিয়েলটর আনিয়া ইটিঙ্গার ফেসবুকের মার্কেটপ্লেসে এক নারীর বিছানার অর্ধেক ভাড়া দেবেন বলে পোস্ট দেন। এতে তিনি বিছানার অর্ধেক অংশের ভাড়া বাবদ মাসে ৯০০ কানাডিয়ান ডলার (বাংলাদেশি প্রায় ৭২ হাজার ৯১৮ টাকা) নেবেন বলে জানান।
তবে বিতর্কিত পোস্টটি মুছে দেওয়া হয়। ‘শেয়ারড বেডরুম ইন আ লেক-ফেসিং ডাউনটাউন কনডো’ শিরোনামের ওই ফেসবুক পোস্টে বলা হয়েছিল, ‘একজন সরল নারী খুঁজছি, যার সঙ্গে মাস্টার বেডরুমে একটি কুইন সাইজ বিছানা শেয়ার করতে চাই। আগে আমি ফেসবুকে খুঁজে পাওয়া এক নারীর সঙ্গে আমার বিছানা শেয়ার করেছিলাম। সেটা ভালোই চলছিল।’
পোস্টটি প্রসঙ্গে সিটিভি নিউজ টরন্টোকে আনিয়া ইটিঙ্গার বলেন, ‘আপনি যদি ভাবেন, টরন্টোর অর্থনৈতিক অবস্থায় খারাপ কিছু ঘটেনি। তাহলে এটা দেখুন, আসলে এমটাই ঘটছে। একজন মাসে ৯০০ কানাডিয়ান ডলারে তার বিছানা ভাড়া দিতে চাচ্ছেন। অনেকেই বিষয়টিকে ভালোভাবে দেখবে না। তবে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, অনেকে এটা করতে বাধ্য হচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
কানাডার দ্বিতীয়-সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজার হিসেবে পরিচিতি রয়েছে টরন্টোর। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোতে এক বেডরুমের একটি বাসার মাসিক গড় খরচ প্রায় ২ হাজার ৬১৪ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ২ লাখ ৮৯ হাজার ৬৬০ টাকা)। যে কারণে ভাড়ার খরচ কমাতে সেখানে ‘‘হট বেডিং’’ বা অপরিচিত ব্যক্তির সাথে বিছানা শেয়ার করার প্রবণতা বাড়ছে। সূত্র: এনডিটিভি।
