সুলতান মনসুর: নৌকা না স্বতন্ত্র, মৌলভীবাজার-২ না সিলেট-১

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৫ পিএম

সিলেটের রাজনীতিতে হঠাৎ করে সবার কৌতূহলে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের এমপি সুলতান মোহাম্মদ মনসুর। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নাকি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন এই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।একইসাথে আলোচনা চলছে তিনি মৌলভীবাজার-২ না সিলেট-১ আসন থেকে নির্বাচন করবেন। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ এখন চলছে মনোনয়ন বোর্ডের কার্যক্রম। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি না থাকায় নির্বাচনী আমেজে খানিকটা ভাটা পড়েছে। ব্যতিক্রম নয় সিলেটের রাজনীতিও। কিন্ত এই নাইয়ের মধ্যেও আলোচনায় আছেন একজন সুলতান মনসুর।

আওয়ামী লীগের রাজনীতি থেকে আড়ালে চলে যাওয়া এই ডাকসাইটের নেতা দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আবারও আলোচনায় চলে আসেন। ফলে আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করেন সিলেট বিভাগজুড়ে চায়ের আড্ডায় বারবার ঘুরেফিরে আসছে সেই প্রসঙ্গ।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম তুলেছেন। কিন্ত এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না তিনি। তার এক ঘনিষ্ঠজন ও জানিয়েছেন তিনি নৌকার ফরম কিনেছেন কিন্ত প্রার্থী চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তা প্রকাশ করতে চান না। আবার এমন আলোচনাও চলছে তিনি মৌলভীবাজার নয় এবার সিলেটে-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি হওয়ার পর থেকেই সিলেট বিভাগ জুড়ে পরিচিতি পান সুলতান মনসুর। এরপর দিনে দিনে তিনি আরও পরিণত হন, তার পরিচয় আর জনপ্রিয়তার ব্যাপ্তি ও বাড়তে থাকে। এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ফলে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতেও তার অনুসারী তৈরি হয়।

কিন্ত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সুলতান মনসুর আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতাদের সঙ্গে যোগ দেন। অথচ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব আস্থা ও স্নেহভাজন ছিলেন এই নেতা। সংস্কারপন্থী তকমা পাওয়ায় তার রাজনীতি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। দীর্ঘ দিন আলোচনার বাইরে থাকা সুলতান মনসুর গত নির্বাচনে ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে গণফোরাম থেকে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন।

সর্বশেষ গত সেপ্টেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন সুলতান মনসুর। এরপর থেকে জল্পনা কল্পনা তৈরি হয় তার আওয়ামী লীগে ফিরে আসা নিয়ে। বিএনপির সমর্থন নিয়ে তিনি সংসদ সদস্য হলেও সংসদের বেশীরভাগ সময় তিনি কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষে। এমনকি যে বিএনপির নেতাকর্মীরা তাকে নির্বাচনে বিজয়ী করতে ভূমিকা রেখেছিলেন, বিজয়ী হওয়ার পর তিনি তাদের কোনো খবর নেননি। এ নিয়ে তার এলাকার বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সময়।

আবার আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও তার খুব একটা ভালো সম্পর্ক নেই। তার মনে করেন, সুলতান মনসুর আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন। ফলে তিনি কী সিদ্ধান্ত নেন তা জানার আগ্রহ গোটা সিলেটের মানুষের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত