দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম এ কোরেশী শেলুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এর আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শুক্রবার (২৪ নভেম্বর) বাদে আছর মরহুমের জানাযার নামাজ শেষে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মফস্বলের পেশাদার সাংবাদিক এম এ কোরেশী শেলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন এম এ কোরেশী শেলু। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষের আপোষহীন কণ্ঠ এই কলম সৈনিক সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমৃত্যু অবদান রেখে গেছেন।
সহকর্মী এম এ কোরেশী শেলুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।
