আলভেজকে ৯ বছরের কারাদণ্ড ও দেড় লাখ ইউরো জরিমানার দাবি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

বার্সেলোনার এক নৈশ ক্লাবে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের ৯ বছরের কারাদণ্ডের দাবি উঠেছে। গত জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই বার্সেলোনার জেলে আটক আছেন আলভেজ। স্পেনের আইনজীবীরা কারাবাসের পাশাপাশি বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করেন।

আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপি দেখে আজ খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ জয়ী আলভেজের বিচারের দিন এখনো ধার্য হয়নি। ৪০ বছর বয়সী আলভেজের দাবি, মেয়েটির সম্মতির ভিত্তিতেই তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর গত জুনে প্রথমবারের মতো একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলভেজ।

স্পেনের ‘লান ভ্যানগার্ড’ সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে আলভেজ বলেছিলেন, ‘সাটন নৈশ ক্লাবে সেদিন রাতে বাথরুমে যা ঘটেছিল তা নিয়ে আমি বিবেকের কাছে পরিষ্কার। যেটা ঘটেনি তা হলো, আমি সেই নারীর সঙ্গে জোর করে কিছু করেছি।’

সেই ঘটনার সময় বার্সেলোনায় ছুটি কাটাচ্ছিলেন আলভেজ। গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যাক্সিকান ক্লাব পুমা ইউএনএএম। চ্যাম্পিয়নস লিগসহ ক্লাব ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন বার্সার সাবেক এই ফুটবলার। কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ডও গড়েন আলভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত