আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ফুটবলে ফিরে মানিয়ে নিতে একদমই দেরি করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। জোড়া গোল করে পর্তুগিজ এই তারকা নাম লিখিয়েছেন রেকর্ডের আরেকটি পাতায়।
সৌদি প্রো লিগের ম্যাচে আজ আল আখদাউদের বিপক্ষে ৩-০ গোলে জেতে আল নাসর। সামি আল নাজির গোলে এগিয়ে যাওয়ার পর বাকি দুই গোল করেন রোনালদো। সেটাও মাত্র তিন মিনিটের ব্যবধানে।
এতে নতুন একটি রেকর্ড গড়েছেন রোনালদো। প্রথম বিভাগের লিগে এখন সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। আজকের দুই গোল নিয়ে তার গোল সংখ্যা হলো ৫১৭টি। তারকা এই ফরোয়ার্ড ছাড়িয়ে গেছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস এবং অস্ট্রিয়ান ও চেক রিপাবলিকের জোসেফ বিকানের ৫১৫ গোলের কীর্তিকে।
আখদাউদের হয়ে এদিন রোনালদো প্রথম গোলটি করেন ৭৭তম মিনিটে। বক্সের ভেতর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। মিনিট তিনেক পর চোখধাঁধানো এক গোল করেন রোনালদো। প্রায় ৩০ মিটারের বেশি দূরে থেকে উড়িয়ে মারেন তিনি গোলপোস্ট বরাবর। বল সবার মাথার ওপর দিয়ে জড়ায় জালে। দুর্দান্ত এই গোলের পর রোনালদোর উদ্যাপনও ছিল দেখার মতো। ম্যাচ শেষে একাধিক ছবি পোস্ট করে সবাইকে সপ্তাহান্তের শুভেচ্ছাও জানিয়েছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন রোনালদো, এর মধ্যে সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল। বল পায়ে রোনালদোকে যেন থামানোই যাচ্ছে না। শেষ তিন লিগ ম্যাচে রোনালদো পেয়েছেন ৪ গোল।
