যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহত ও নিখোঁজদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে আলাস্কার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রেঙ্গল দ্বীপে ভূমিধসের ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টিভেজা পর্বতের একটি ঢাল ধসে পড়ে। এতে তিনটি বাড়ি ও উপকূলীয় মহাসড়কের একটি অংশ চাপা পড়ে।
সোমবার ওই এলাকাতে ভারি বৃষ্টির সাথে প্রবল ঝড় হওয়ার কারণেই রাতে জিমোভিয়া মহাসড়কের ওপরে পর্বতমালার একটি পাশ ধসে পড়ে।
অঙ্গরাজ্যের জন সুরক্ষা পরিষেবার মুখপাত্র অস্টিন ম্যাকড্যানিয়েল শুক্রবার জানান, বৃহস্পতিবার উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে চালানো তল্লাশি স্থগিত করেছে।
তবে শুক্রবার জন সুরক্ষা পরিষেবা জানায়, আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেলে নির্দিষ্ট এলাকায় তল্লাশি আবার শুরু হবে।
নিখোঁজদের মধ্যে এই পরিবারের দুই শিশু সন্তান রয়েছে। তবে নিখোঁজ সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
