ক্রিকেট দলের অধিনায়ক মানেই আ. লীগের মনোনয়ন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়া মানেই যেনো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার নিশ্চয়তা। ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের মধ্যে এ পর্যন্ত আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছেন মানিকগঞ্জ-১ আসন থেকে নাইমুর রহমান দুর্জয় ও নড়াইল ২ আসন থেকে মাশরাফি বিন মোর্তুজা।

তাদের এই তালিকায় নতুন সংযোজন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বর্তমান অধিনায়ক থাকা অবস্থায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

তার এই মনোনয়ন পাওয়ার পর প্রশ্ন উঠেছে তবে কী ক্রিকেট দলের অধিনায়ক মানেই আ. লীগের মনোনয়ন পাওয়া নিশ্চিত? এই ধারা ক্রিকেটের জন্য ইতিবাচক না নেতিবাচক তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা।

সাকিব কেবল ক্রিকেট নয় ক্রিকেটের বাইরেও আলোচিত। খেলোয়াড়ের পাশাপাশি তিনি পাকা ব্যবসায়ী। শেয়ার বাজার থেকে শুরু করে সোনার ব্যবসা কিংবা ব্যাংক খোলার প্রচেষ্টা সব জায়গায় ওঠে আসে তার নাম।

মাশরাফি ও দুর্জয়ের মনোনয়ন পাওয়া নিয়ে খুব একটা প্রশ্ন না থাকলেও সাকিবকে নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন। একদিক দিয়ে তিনি বর্তমান ক্রিকেট টিমের অধিনায়ক। তর্কসাপেক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় না হলেও সেরা ক্রিকেটার তিনি। বয়স ও ফর্ম বিবেচনায় তিনি জাতীয় দলকে আরও কয়েক বছর সার্ভিস দিতে পারবেন এটা বলাই যায়। সাকিবের এভাবে মনোনয়ন পাওয়া অন্য ক্রিকেটারদের মধ্যেও ক্রিকেট রেখে এমপি হওয়ার প্রবণতা ছড়াতে পারে।

সর্বশেষ সংসদে নড়াইল থেকে এমপি হন মাশরাফি। গত ৫ বছর তিনি ধারাবাহিকভাবে সফল ছিলেন। সাধারণ মানুষের পাশে থেকেছেন কাজ করেছেন। অনেকেই মাশরাফিকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চান। অপরদিকে নাইমুর রহমান দুর্জয় ক্ষমতার অপব্যবহার সহ নানা কারণে বিতর্কিত হয়ে এবার নমিনেশন পাননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত