ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দাম বাড়নোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন রাত ৮টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ২২৩ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। রাত ৮টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
কমিশনের নির্ধারিত নতুন দর অনুযায়ী, নভেম্বর মাসে বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম পড়বে ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন দর কার্যকর হওয়ায় দুই মাসে এ ধরনের সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বাড়ল।
বিইআরসির ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজি উৎপাদনের প্রধান দুই উপাদান প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ায় দেশে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকোর নভেম্বরের ঘোষিত দর অনুযায়ী, প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে এ দুই উপাদানের মিশ্রণ বিবেচনায় গড় সৌদি চুক্তিমূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৭৫৯ ডলার।
এ ছাড়া আমদানি ব্যয় হিসাবের ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে ২৫০ ডলার জাহাজভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৪৬ পয়সা ধরা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে তুলনায় নভেম্বরে সৌদি চুক্তিমূল্য প্রতি মেট্রিক টনে গড়ে ৪৬ দশমিক ৫০ ডলার বেড়েছে। এর প্রভাবে করসহ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৭৪ টাকা বাড়ার কথা। তবে কমিশনের ঘোষিত নতুন খুচরা মূল্য অনুযায়ী আগের মাসের তুলনায় দাম বেড়েছে ২২৩ টাকা।
অন্যদিকে, সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাস পিএলসির সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৬০ টাকা।
নতুন মূল্য তালিকায় অটোগ্যাসের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় এলপিজির প্রতি ঘনমিটারের দাম ৩৬৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানায়, গত ২৯ অক্টোবর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের উপস্থিতিতে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রস্তাব ও ব্যয়সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে নভেম্বর মাসের জন্য নতুন মূল্যহার চূড়ান্ত করা হয়েছে।