ভারত নিয়ে শঙ্কিত পাকিস্তান এবার আগেভাগে আইসিসির দ্বারস্থ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

বহুজাতিক টুর্নামেন্ট হিসেবে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত সেখানে গিয়ে খেলতে যেতে রাজি নয়। তাই হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্ট। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক তারা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশঙ্কা সেই টুর্নামেন্টের আগে আরও একবার বেঁকে বসতে পারে ভারত। নিরাপত্তার অজুহাত দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও থাকতে পারে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। 

এ দফায় তাই আগে থেকেই সতর্ক পাকিস্তান। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না চায়, তবে আট জাতির এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কায় পড়তে হবে পাকিস্তানকে। এসব বিবেচনায় এবার আগে থেকে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-র দ্বারস্থ হয়েছে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড আবেদন করেছে, চুক্তিতে এমন শর্ত থাকুক, যাতে পাকিস্তানে না খেলতে গেলে ক্ষতিপূরণ দিতে হবে ভারতকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দিলেও এখনও সেই চুক্তি সই করেনি তারা। কিন্তু, বিশ্বকাপ শেষের পর দ্রুতই চুক্তি সই করিয়ে নিতে চাইছে দেশটি। সেই উদ্দেশে আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ ও সিওও সালমান নাসির।

পাক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘এশিয়া কাপের মতো পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও আপত্তি করতে পারে ভারত। যদি তেমন কোনও পরিস্থিতি হয় তা হলে ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে, এই মর্মে চুক্তি করতে চাইছে পাক বোর্ড।’

এর আগে ভারতের আপত্তিতেই এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথ ভাবে হয়েছিল। ভারত সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত