হামাসের কাছে তোমরা নিরাপদ, জিম্মিকে হামাস নেতা সিনওয়ার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকার টানেলে আটক থাকা কিছু ইসরায়েলি জিম্মির সাথে দেখা করেছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি গণমাধ্যম দৈনিক হারেটজ এর তথ্য অনুসারে, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে অন্তত একজন বলেছেন, সিনওয়ার তাদের সাথে হিব্রু ভাষায় কথা বলেছেন।

তিনি জিম্মিদের বলেছিলেন যে তারা হামাসের কাছে নিরাপদ এবং ভয় পাওয়ার দরকার নেই।

এছাড়া ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে যে এই ঘটনাটি ইসরায়েলি নিরাপত্তা সংস্থা ও নিশ্চিত করেছে।

হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার হল ইসরায়েলের অন্যতম মোস্ট ওয়ান্টেড হামাস নেতা। কারণ হামাসের ৭ অক্টোবরের আকস্মিক আক্রমণের মূল হোতা হিসেবে তাকেই দায়ী বলে মনে করে ইসরায়েল।

ইয়াহিয়া সিনওয়ার এর খোঁজে পুরো গাজা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, কিন্তু তার কোন খোঁজ এখন পর্যন্ত পায়নি দেশটি। ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে ৬ হাজারের বেশি শিশু এবং ৪ হাজারেরও বেশি নারী রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত