চীনের ক্রমবর্ধমান প্রভাব সত্ত্বেও নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে রাজি হয়েছে জাপান ও ভিয়েতনাম। সোমবার (২৭ নভেম্বর) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভন থুয়োং টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সম্মত হন।
এ সময় দুই নেতা নিরাপত্তাগত সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত বিষয় সম্প্রসারিত করতে রাজি হন। একইসঙ্গে ওই অঞ্চলের সমমনা উন্নয়নশীল দেশগুলোর সামরিক বাহিনীর জন্য জাপানের নতুন সহায়তা কর্মসূচি নিয়েও কথা বলতে সম্মত হয়েছেন তারা।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা জানিয়েছেন জাপান-ভিয়েতনাম সম্পর্ক হবে সার্বিক কৌশলগত অংশীদারত্ব। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আরো নতুন দ্বার খুলে দেবে।
সংশ্লিষ্টরা বলছেন, ভিয়েতনামের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে জাপান। চীনের উত্থান এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধের মুখে ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক ভূমিকা রয়েছে ভিয়েতনামের। তাই যৌথ বিবৃতির অর্থ হলো যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পাশাপাশি জাপান এখন ভিয়েতনামের শীর্ষ স্তরের সহযোগীর মর্যাদা লাভ করেছে।
